ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের বিপক্ষে ৪৬ রানের পরাজয়ে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের মেয়েদের। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
বিজ্ঞাপন
ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রানে থামে বাংলাদেশ।
এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় বাংলাদেশ।
বিজ্ঞাপন
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটামুটি ছিল। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৬ রান তোলে দল। তবে এরপরই ব্যাটিং বিপর্যয় শুরু হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা, আর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ১৮ রান করেন শারমিন সুলতানা। অধিনায়ক ফাহিমা খাতুন করেন ১৪ রান এবং সাদিয়া আক্তারের ব্যাট থেকে আসে ১০ রান। বাকিরা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে প্রেমা রাওয়াট তিনটি উইকেট নিয়ে সবচেয়ে সফল। সোনিয়া ও তানুজা নেন দুটি করে উইকেট। আরও তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
বিজ্ঞাপন
ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিস ৬৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নেন।
ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে রাধা ৩০ বলে ৩৬ রান করেন। তেজাল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ রানে। ৩৪ বলে খেলা তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। দিনেশ ভ্রিন্দা যোগ করেন ১৯ রান। অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন। তিনি চারটি উইকেট নেন। এছাড়া আরও দুই বোলার একটি করে উইকেট শিকার করেন।








