সেমিফাইনালের দৌড়ে কার সামনে কী সমীকরণ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জমে উঠেছে শেষ চারের লড়াই। দুই গ্রুপ থেকে ইতোমধ্যে একটি করে দল সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং একটি করে দল ছিটকে গেছে। বাকি দুই জায়গা দখলে এখন চার দলের প্রতিদ্বন্দ্বিতা। তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের সামনে রয়েছে জটিল সমীকরণ।
বিজ্ঞাপন
গ্রুপ ১-এর সমীকরণ:
গ্রুপ ১ থেকে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে ভারতের জয়ের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এই গ্রুপ থেকে শেষ দল হিসেবে কে যাবে, তা নির্ধারিত হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইয়ে।
বিজ্ঞাপন
দুই দলেরই পয়েন্ট সমান—দুটি করে। তবে নেট রানরেটে এগিয়ে থেকে দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের অবস্থান তাদের ঠিক পেছনে।
আগামী রোববার ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের জয়ী দলই উঠবে সেমিফাইনালে। ভারতকে শেষ চারে যেতে হলে জিততেই হবে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তারা সরাসরি পরের পর্বে চলে যাবে। আর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত বা ফলহীন হলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ২-এর সমীকরণ:
বিজ্ঞাপন
গ্রুপ ২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ।
তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সমীকরণ তুলনামূলক সহজ। সেমিফাইনালে যেতে হলে আজ ইংল্যান্ডকে হারাতে হবে। নতুবা তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে—যেখানে পাকিস্তান জয় পেতে না পারলে কিউইদের পথ খুলবে।
বিজ্ঞাপন
অন্যদিকে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানও তিন পয়েন্টে পৌঁছাতে পারে। সে ক্ষেত্রে সমান পয়েন্ট হলে নেট রানরেট নির্ধারণ করবে শেষ সেমিফাইনালিস্ট। বড় ব্যবধানে হার এড়াতে পারলে নিউজিল্যান্ডেরই সুবিধা থাকবে।








