মানুষ মাত্রই ভুল, আমাদের উচিত সাকিবকে ক্ষমা করা: পাইলট

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট মনে করেন, রাজনৈতিক দলে যোগ দেওয়া সাকিব আল হাসানের ভুল সিদ্ধান্ত ছিল। তবে সেই ভুলের জন্য তাকে ক্ষমা করা উচিত এবং যথাযথ সম্মান দিয়ে জাতীয় দলে ফেরানো উচিত বলেও মত দেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন পাইলট।
তিনি বলেন, সাকিব আল হাসান দেশের এক নম্বর ক্রিকেটার। রাজনৈতিক দলে যোগ দেওয়া ছিল তার ভুল সিদ্ধান্ত। মানুষ মাত্রই ভুল করে। তার ভুল ক্ষমা করা উচিত।
বিজ্ঞাপন
সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার প্রসঙ্গে পাইলট বলেন, একজন রিকশাচালককে সাকিবের মতো একজন ক্রিকেটার মারবে এই বিষয়টি নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয়, সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, রাষ্ট্রের উচিত সেটির সঠিক সমাধান করা এবং তাকে সম্মান দেওয়া।
নিজেকে সাকিবের বড় ভক্ত উল্লেখ করে সাবেক অধিনায়ক আরও বলেন, আমি দোয়া করি, সাকিব যেন দেশের জার্সি গায়ে দিয়েই অবসরে যেতে পারে।
আরও পড়ুন: নেইমারকে ঘিরে বড় দুঃসংবাদ!
বিজ্ঞাপন
এদিকে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে এমন আশাই করছেন তার সমর্থকরা। জানা গেছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলার জট খুলতে সরকার থেকেও সবুজ সংকেত মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার, বোর্ড ও সাকিব—এই তিন পক্ষের সমন্বিত উদ্যোগে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








