Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের নয় ফাইনালের ইতিহাস

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১২:৩৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের নয় ফাইনালের ইতিহাস
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর্দা পেরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনাল মঞ্চ প্রস্তুত। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। এর আগে ভারত দু’বার শিরোপা জিতলেও নিউজিল্যান্ডকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

২০০৭ প্রথম বিশ্বকাপের শিরোপা ভারতের: ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় ১২টি দল নিয়ে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে। জবাবে পাকিস্তান ২ বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হলে ৫ রানের জয় পায় ভারত।

২০০৯ পাকিস্তানের প্রথম শিরোপা : ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালের আসরে ফাইনালে ওঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা। লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার ১৩৮ রান তাড়া করে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে।

বিজ্ঞাপন

২০১০ ইংল্যান্ডের ঐতিহাসিক জয় : ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০১০ সালের আসরে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ১৪৭ রান ইংল্যান্ড মাত্র ১৭ ওভারেই তাড়া করে ফেলে।

২০১২ ওয়েস্ট ইন্ডিজের প্রথম শিরোপা : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১২ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ১৩৭ রানের জবাবে শ্রীলঙ্কা ১০১ রানে গুটিয়ে যায়। ফলে ৩৬ রানের জয় পেয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ক্যারিবীয়রা।

২০১৪ শ্রীলঙ্কার স্বপ্নপূরণ : বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে ছিল ভারত ও শ্রীলঙ্কা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩১ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়।

বিজ্ঞাপন

২০১৬ ব্র্যাথওয়েটের চার ছক্কার অবিশ্বাস্য গল্প : ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান। ইংল্যান্ডের বেন স্টোকসের করা শেষ ওভারের প্রথম চার বলেই চারটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন কার্লোস ব্র্যাথওয়েট। এতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

২০২১ অস্ট্রেলিয়ার প্রথম শিরোপা : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ১৭২ রান তাড়া করে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে অজিরা।

২০২২ ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপা : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ সালের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। পাকিস্তানের ১৩৭ রানের জবাবে বেন স্টোকসের অপরাজিত ৫২ রানে ভর করে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

২০২৪ ভারতের দ্বিতীয় শিরোপা : ২০২৪ সালের বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭৬ রান করে, যেখানে বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রান করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৬৯ রান করতে সক্ষম হয়।

এ পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দু’বার করে শিরোপা জিতেছে ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এবার দশম আসরের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের লড়াইয়ে ইতিহাসে যুক্ত হবে নতুন অধ্যায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD