Logo

এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৪
এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়
ছবি: সংগৃহীত

জাপানে চলমান এশিয়ান গেমসে ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ। পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড শনাক্ত হওয়ার পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)।

বিজ্ঞাপন

১৯ বছর বয়সী পিচামনকে থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন তারকা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮তম অবস্থানে থাকা এই খেলোয়াড়ের মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল।

আইটিএ জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার কারণে এশিয়ান গেমস চলাকালে পিচামন কোনো প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং কিংবা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা শুরুর আগে ডোপিং পরীক্ষার অংশ হিসেবে পিচামনের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনার পরীক্ষাতেই ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া যায়।

বিজ্ঞাপন

ফুরোসেমাইড একটি মূত্রবর্ধক ওষুধ। শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দ্রুত ওজন কমানোর উদ্দেশ্যে ক্রীড়াক্ষেত্রে কেউ কেউ এটি ব্যবহার করতে পারেন।

আইটিএ জানিয়েছে, পিচামনের সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আবেদন করার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি চাইলে ‘স্যাম্পল-বি’ পরীক্ষা করারও অনুরোধ জানাতে পারবেন।

তবে পিচামনের নমুনায় কীভাবে নিষিদ্ধ পদার্থটি এসেছে এবং বিষয়টি নিয়ে তার কোনো ব্যাখ্যা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD