Logo

ফিটনেস পরীক্ষায় ফেল করলেও মিলবে আরও দুই সুযোগ

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৮
ফিটনেস পরীক্ষায় ফেল করলেও মিলবে আরও দুই সুযোগ
ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের টুর্নামেন্ট। এর আগে মঙ্গলবার শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। প্রথম ধাপে ঢাকা, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ—এই চার দলের ক্রিকেটাররা পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম দিনের পরীক্ষায় ১০ জনের বেশি ক্রিকেটার ফেল করেছেন বলে জানা গেছে। তবে এতে তাদের এনসিএলে খেলার পথ পুরোপুরি বন্ধ হচ্ছে না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের আবারও ফিটনেস পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

বিসিবির ট্রেনার ইফতেখার ইফতি জানিয়েছেন, প্রথম পরীক্ষায় ব্যর্থ কিংবা অসুস্থ থাকা ক্রিকেটারদের ১০ দিন পর আবার পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতেও কেউ ব্যর্থ হলে আরও ১০ দিন পর তৃতীয়বার সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘কেউ যদি ফেল করে বা অসুস্থ থাকতে পারে, এক্ষেত্রে ১০ দিন পর আমরা আরেকটা টেস্ট নেব। যদি তারপরেও তারা ব্যর্থ হয়, আরও ১০ দিন পর আমরা আরেকটা টেস্ট নেব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফিটনেসে পিছিয়ে থাকা ক্রিকেটারদের বিশেষভাবে কাজ করানো হবে বলেও জানিয়েছেন ইফতি। তার ভাষ্য, যারা ফেল করবেন, তাদের ফিটনেস নিয়ে বাড়তি মনোযোগ দেওয়া হবে এবং প্রয়োজনীয় উন্নতির জন্য ট্রেনাররা কাজ করবেন। তবে শেষ পর্যন্ত কোনো ক্রিকেটার এনসিএলে খেলতে পারবেন কি না, সেটি বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এবার ফিটনেস পরীক্ষার মানদণ্ড নিয়েও কথা বলেছেন বিসিবির এই ট্রেনার। তিনি জানান, নির্দিষ্ট গ্রুপের জন্য ৭.২০ মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। পেসারদের ক্ষেত্রেও ৭.২০ মানদণ্ড রাখা হয়েছে। ভবিষ্যতে এই মানদণ্ড ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে বলেও জানান তিনি।

ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ইফতি। তার মতে, খেলোয়াড়রা সাধারণত ফিটনেস নিয়ে সচেতন থাকলেও অনেক সময় ভুল দিকনির্দেশনার কারণে সমস্যা হয়। বিশেষ করে বিদেশ বা দেশের বাইরে খেলতে গেলে খাবারের অভ্যাসে পরিবর্তন আসে, যা ফিটনেসে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ইফতির মতে, খালি চোখে তাদের উন্নতি দেখা যাচ্ছে। তবে খাবারের অভ্যাস, প্রশিক্ষণ পরিকল্পনা এবং ট্রেনারদের সঙ্গে নিয়মিত সমন্বয়ের জায়গাগুলোতে আরও কাজ করা গেলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া সম্ভব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD