Logo

সিরিজ নির্ধারণী লড়াই আজ, র‍্যাঙ্কিংয়ে উন্নতিই লক্ষ্য বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:৩৩
সিরিজ নির্ধারণী লড়াই আজ, র‍্যাঙ্কিংয়ে উন্নতিই লক্ষ্য বাংলাদেশের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, কারণ আজকের ফলই ঠিক করে দেবে ট্রফি কার হাতে উঠবে। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে দলের লক্ষ্য স্পষ্ট—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা এবং একই সঙ্গে আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও উন্নত করা।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার দুর্দান্ত গতির বোলিংয়ে দাপট দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি বদলে যায়। বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের। সেই ম্যাচে ১২৮ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলকে। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন একপ্রকার অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

তবে সাম্প্রতিক ইতিহাস বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ২০১৫ সালের পরিসংখ্যান দেখলে দেখা যায়, দ্বিতীয় ম্যাচে হারের পরও বাংলাদেশ অন্তত ছয়টি সিরিজ জিতেছে। এমনকি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও একই ঘটনা ঘটেছিল। সেই সিরিজে দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিতেছিল টাইগাররা। তাই মিরপুরের পরিচিত উইকেটে আজও সেই ইতিহাস পুনরাবৃত্তির আশা করছে দল।

বিজ্ঞাপন

আজকের ম্যাচটি কেবল ট্রফির লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার হিসাবও। বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ১০ নম্বরে আছে। আজ জিতলে ৩ রেটিং পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশ উঠে আসবে ৯ নম্বরে। আগামী বছরের মার্চের মধ্যে সেরা ৮-এ থাকতে পারলে কোয়ালিফায়ারের ঝামেলা ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা হবে বাংলাদেশের।

স্পিন কোচ মুশতাক আহমেদ আর অধিনায়ক মিরাজ- উভয়ই স্বীকার করেছেন যে দ্বিতীয় ম্যাচে হারার প্রধান কারণ ছিল দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। ৩৪ ওভারে ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হওয়াটা মানতে পারছেন না কেউই। আজ তাই টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার- সবাইকেই বড় স্কোর গড়ার দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওপেনিং বা মিডল অর্ডারে ফের সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। সেক্ষেত্রে গত ম্যাচে ব্যর্থ হওয়া আফিফ হোসেনকে বাইরে বসতে হতে পারে। পাশাপাশি পেস আক্রমণ আরও শক্তিশালী করতে শরিফুল ইসলামকে একাদশে ফেরানো হতে পারে। এমন হলে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD