Logo

যে কারণে দ্য হানড্রেডে মুস্তাফিজকে দলে নিলো বার্মিংহাম ফিনিক্স

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ২১:১৫
যে কারণে দ্য হানড্রেডে মুস্তাফিজকে দলে নিলো বার্মিংহাম ফিনিক্স
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। একই তালিকায় বাংলাদেশের আরেক তরুণ স্পিনার রিশাদ হোসেন থাকলেও তাকে কোনো দল নেয়নি।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজ অবশ্য নতুন নন। এর আগে তিনি আইপিএল ও পিএসএলসহ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় টি–টোয়েন্টি লিগে খেলেছেন।

সবশেষ আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে পরে তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

বিজ্ঞাপন

পিএসএলে লাহোরের সঙ্গে মুস্তাফিজের চুক্তির পরিমাণ ছিল ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এতে বোঝা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও তার চাহিদা বেশ শক্ত অবস্থানে রয়েছে।

এদিকে বার্মিংহাম ফিনিক্সের দলে মুস্তাফিজকে নেওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। দলটির কোচ শেন বন্ডের সঙ্গে তার আগের কাজের অভিজ্ঞতা আছে। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় বোলিং কোচ হিসেবে বন্ডের অধীনে খেলেছিলেন মুস্তাফিজ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ড বলেন, মুম্বাইয়ে থাকার সময় তিনি মুস্তাফিজের সঙ্গে কাজ করেছেন এবং তাকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বোলার হিসেবে দেখেন। তার গতির পরিবর্তন ও স্লোয়ার ডেলিভারি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।

বিজ্ঞাপন

বন্ডের মতে, ইংল্যান্ডের অনেক মাঠে মৌসুম যত এগোয়, বল তত বেশি ঘুরতে শুরু করে। সেই পরিস্থিতিতে মুস্তাফিজের বৈচিত্র্যময় স্লোয়ার ও কাটার বার্মিংহাম ফিনিক্সের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।

আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর। বার্মিংহাম ফিনিক্স দলে জ্যাকব বেথেল, রেহান আহমেদ, উসমান তারিক ও ডনোভান ফেরেইরাসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে খেলবেন মুস্তাফিজুর রহমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD