শচীনকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলকে রুট

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ৫২১তম ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে দ্রুততম ব্যাটারদের তালিকায় শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার ম্যাচে ২৩ হাজার রান পূর্ণ করতে রুটের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। কব্জির মোচড়ে ফ্লিক করে বল সীমানার বাইরে পাঠিয়ে সেই রান পূরণ করেন ইংলিশ ব্যাটার।
রুট ৫২১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন। এর আগে ৫২২ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ফলে এক ইনিংস কম খেলেই শচীনকে ছাড়িয়ে গেলেন রুট।
তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের বিরাট কোহলি। ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ডটি ধরে রেখেছেন তিনি।
বিজ্ঞাপন
রুট হলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করা অষ্টম ব্যাটার এবং প্রথম ইংরেজ। তার আগে এই ক্লাবে জায়গা করে নিয়েছেন কোহলি, শচীন, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে টেস্ট ক্রিকেটেও শচীনকে পেছনে ফেলেছেন রুট। টেস্টে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। এবার তার সামনে শচীনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড।
শচীনের ১৫ হাজার ৯২১ টেস্ট রানের বিপরীতে রুটের সংগ্রহ ১৪ হাজার ২৭৮ রান। অর্থাৎ ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে রুটের প্রয়োজন আরও ১ হাজার ৬৪৩ রান।
বিজ্ঞাপন
শচীনের ২০০ টেস্ট খেলার রেকর্ডও ছোঁয়ার সুযোগ রয়েছে রুটের সামনে। সেই মাইলফলকে পৌঁছাতে ইংল্যান্ডের এই ব্যাটারকে আরও ৩১টি টেস্ট খেলতে হবে।








