আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম টি-টোয়েন্টি আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এপিএলের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুর্নামেন্টটির প্রথম আসর সামনে রেখে খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়াও ইতোমধ্যে শেষ হয়েছে।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, এপিএলে অংশ নিতে এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার রয়েছেন।
আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ড্রাফটের মাধ্যমেই তাসকিন শেষ পর্যন্ত কোনো দলের হয়ে খেলার সুযোগ পাবেন কি না, তা চূড়ান্ত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল ভক্তদের কাছেও মতামত জানতে চেয়েছে। বাংলাদেশের এই পেসারকে কোন দলের জার্সিতে দেখতে চান—এমন প্রশ্ন রাখা হয়েছে পোস্টে।
বিজ্ঞাপন
এপিএলের পোস্টে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’
প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে তাসকিনের নিবন্ধন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। তবে কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেবে, সেটি জানা যাবে খেলোয়াড় ড্রাফটের পর।








