তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিতে কাঁপছে পাকিস্তান

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতির সামনে টিকতে না পেরে মাত্র ১৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
বিজ্ঞাপন
পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। তার দারুণ এক ডেলিভারিতে ব্যাটের কিনারা লেগে সাহিবজাদা ফারহান (৬) উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। পরে নাহিদ রানার বলে একইভাবে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে ফিরেন মাজ সাদাকাত (৬)।
এরপর তাসকিনের আরেকটি গতিময় ডেলিভারিতে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ান (৪)। এতে অল্প রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
বিজ্ঞাপন
এর আগে সিরিজ নির্ধারণী এই ম্যাচে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের জুটিতে ১৭.৪ ওভারেই আসে ১০০ রান।
তানজিদ ৪৭ বলে অর্ধশতক তুলে নেন। পরে সাইফের সঙ্গে তার উদ্বোধনী জুটি থামে ১০৫ রানে। শাহিন শাহ আফ্রিদির বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন সাইফ, তিনি করেন ৩৬ রান।
বিজ্ঞাপন
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরও ৫৩ রানের জুটি গড়েন তানজিদ। তবে হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ২৭ রানে থামেন শান্ত।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৮ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। তবে পরে আবরার আহমেদের বলে কাভারে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১০৭ বলে ১০৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।
বিজ্ঞাপন
মধ্যভাগে লিটন দাস ৫১ বলে ৪১ রান করেন। শেষ দিকে তাওহীদ হৃদয় ৪৪ বলে চারটি বাউন্ডারিতে অপরাজিত ৪৮ রান যোগ করে দলের সংগ্রহ আরও বড় করেন। অন্যদিকে আফিফ হোসেন ৮ বলে ৫ রান করেন।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৫২ রান দিয়ে তিনটি উইকেট নেন।








