আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের ব্যাটার সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ। প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে তিনি ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। এই সময়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ।
বিজ্ঞাপন
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া এক বিবৃতিতে সরফরাজ বলেন, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব–১৯ দলের হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তগুলো তার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে বলেও জানান তিনি। সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ক্রিকেটার।
অধিনায়ক হিসেবে সরফরাজের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার নেতৃত্বে পাকিস্তান সেই আসরের শিরোপা জেতে। ইমরান খানের পর তিনি দ্বিতীয় পাকিস্তানি অধিনায়ক, যিনি দলকে পঞ্চাশ ওভারের কোনো বড় টুর্নামেন্টের শিরোপা এনে দেন।
বিজ্ঞাপন
সরফরাজ জানান, তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নপূরণের মতো। অধিনায়ক থাকাকালে তিনি দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে উৎসাহ দিয়েছেন এবং একটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চেষ্টা করেছেন। তার সময়েই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর মতো ক্রিকেটাররা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। এর মধ্যে রয়েছে ১৩টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি। তার অধিনায়কত্বেই এক সময় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান।
বিজ্ঞাপন
ব্যাট হাতে টেস্টে তার সংগ্রহ ৩০৩১ রান, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি। ওয়ানডেতে ২৩১৫ রান করার পাশাপাশি দুটি শতক রয়েছে তার ঝুলিতে। টি-টোয়েন্টিতে করেছেন ৮১৮ রান, যার মধ্যে তিনটি অর্ধশতক। উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩১৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৫৬টি স্টাম্পিংও করেছেন।








