ফিফার সঙ্গে চুক্তি: বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইউটিউব

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন–জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোর অংশবিশেষ ইউটিউবে সরাসরি সম্প্রচারের জন্য সামাজিক ভিডিও প্ল্যাটফর্মটির সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
ফিফা জানিয়েছে, এই ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’-এর আওতায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট সম্প্রচারের জন্য উৎসাহিত করা হবে স্বত্বধারীদের। ওই অংশটি মূলত একটি ‘টিজার’ হিসেবে কাজ করবে, যাতে দর্শকদের আগ্রহ তৈরি হয় এবং পরে তারা টেলিভিশনসহ প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ উপভোগ করতে পারেন।
চুক্তির আওতায় সম্প্রচার স্বত্বধারীরা নির্দিষ্ট কিছু ম্যাচ নিজেদের ইউটিউব চ্যানেলেও দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন এবং টুর্নামেন্ট সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
ফিফা আরও জানিয়েছে, তাদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশও শেয়ার করা হবে, যেখানে অতীতের ম্যাচ ও ফুটবল ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্ত অন্তর্ভুক্ত থাকবে। এর আগে ২০২২ বিশ্বকাপেও ইউটিউব ফিফার সহযোগী হিসেবে যুক্ত ছিল। সে সময় কনটেন্ট নির্মাতাদের মাঠে উপস্থিত থেকে নেপথ্যের মুহূর্ত ধারণ ও সম্প্রচারের সুযোগ দেওয়া হয়েছিল।
এবারের বিশ্বকাপের ২৩তম আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। দলগুলো ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্ব শেষে শীর্ষ দুটি দল সরাসরি রাউন্ড অব ৩২-এ উঠবে। পাশাপাশি গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আট দলও পরবর্তী পর্বে যাবে। এরপর যথাক্রমে রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আসন্ন আসরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে রয়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল ১৪ জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে, আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে।








