বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বর্জনের ঘোষণা ইরান ফুটবলপ্রধানের

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ইরান। নিরাপত্তাজনিত কারণে দেশটিতে দল না পাঠানোর অবস্থানে রয়েছে তেহরান। একই সঙ্গে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছে ইরান। তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পক্ষে নন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ।
বিজ্ঞাপন
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।”
এদিকে ইরানের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়েছেন, জুনে ইরানের নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের জন্য তারা প্রস্তুত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দিকেই টিকিট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে ইরান। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ার পর থেকেই তাদের অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়।
বিজ্ঞাপন
সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা—দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। তবে ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জন্য।
অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি থামিয়ে দেয়নি ইরান। বর্তমানে তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে দলটি। সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা—২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে। একই সঙ্গে চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কে নেওয়া হয়েছে।








