সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (৩০ মার্চ) ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদকে এই কর্মসূচির আওতায় ভাতা দেওয়া হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, দেশের যেসব ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন, তাদেরকে একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হবে। এর মাধ্যমে নিয়মিত ক্রীড়াভাতা প্রদান করা হবে। একই সঙ্গে তাদের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে দেওয়া হবে ক্রীড়া কার্ড
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদেরও এই বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা নিয়মিত ভাতা পান এবং আর্থিকভাবে আরও সুরক্ষা পান। এর মাধ্যমে ক্রীড়াবিদদের সামাজিক মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, দেশের ৪৯৫টি উপজেলায় ধাপে ধাপে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধার করে সেগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞাপন
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়া খাত আরও গতিশীল হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।








