Logo

ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ১৭:০২
ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি মানেই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি। তবে সাম্প্রতিক এক ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। গবেষকদের দাবি, আইনগত সুযোগ থাকায় চাইলে মেসি ব্রাজিল জাতীয় দলের হয়েও খেলতে পারতেন।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন বছর ধরে পরিচালিত বংশগত অনুসন্ধানের ভিত্তিতে ইতালীয় ইতিহাসবিদ ফিওরেনজো সান্তিনি এ দাবি করেছেন। গ্লোবোর এক প্রতিবেদনের বরাত দিয়ে ইয়াহু স্পোর্টস জানিয়েছে, মেসির মায়ের পরিবারের শিকড় ব্রাজিলে বিস্তৃত ছিল। গবেষণায় বলা হয়েছে, তার মাতৃকুলের এক প্রপিতামহ, অর্থাৎ মায়ের দাদার বাবা, বিংশ শতাব্দীর শুরুতে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে জন্মগ্রহণ করেছিলেন।

পরবর্তীতে, প্রায় ১৯০৫ সালের দিকে পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেই পারিবারিক ইতিহাসের কারণে আইনগতভাবে ব্রাজিলের নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল মেসির, ফলে চাইলে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পথও তার জন্য উন্মুক্ত ছিল।

শুধু ব্রাজিলই নয়, পারিবারিক ঐতিহ্যের সূত্রে ইতালির হয়েও খেলার যোগ্যতা ছিল মেসির। অন্যদিকে, ১৩ বছর বয়স থেকে স্পেনে বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ার গড়ে তোলার কারণে স্পেন জাতীয় দলের জার্সি পরার সুযোগও ছিল তার সামনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একসময় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন তিনি।

স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কে একবার বলেছিলেন, ‘মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু লিওনেল রাজি হয়নি, কারণ সে নিজের দেশকে ভালোবাসে। সে যদি আমাদের হয়ে খেলত, সেটি দারুণ হতো। মেসি তো মেসিই-ওর মতো আর কেউ নেই। তাকে কোচিং করানো আমার জন্য স্বপ্নের মতো হতো।’

বিজ্ঞাপন

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। পুরো আসরে ৮ গোল ও ৪টি গোলে সহায়তা করে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা আবারও নিজের কিংবদন্তি মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছেন।

গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রোজারিওতে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর মেসির মাতৃপরিবারের মূল পদবি ‘কোচ্চেত্তিনি’ পরিবর্তন করে ‘কুচ্চিত্তিনি’ করা হয়। এরপর থেকেই ওই নামটিই পরিবারের আনুষ্ঠানিক পদবি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বর্তমানে বিশ্বকাপ শেষে বিরতিতে রয়েছে আর্জেন্টিনা দল। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে আলবিসেলেস্তেদের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও এখনো কোনো ম্যাচ চূড়ান্ত হয়নি। অন্যদিকে, মেসি বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলে নিজের ফিটনেস ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও ভাবনা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD