অবসরে যাচ্ছেন মেসি, রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন, নাকি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন—এ প্রশ্নের উত্তর খুঁজছিলেন ফুটবলপ্রেমীরা।
বিজ্ঞাপন
৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক তখন নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও, দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, মেসি অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এখনই জাতীয় দল ছাড়ছেন না। বরং আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। ফলে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনেকের ধারণা ছিল, ২০২৬ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বড় আসর। ৩৯ বছর বয়সেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করেন। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবেই শেষ করেন বিশ্বকাপ। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি এই তারকা। যদিও কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি স্বাভাবিক রূপান্তর নিশ্চিত করতে আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে চান মেসি। এরপরই আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে।
মেসির সম্ভাব্য বিদায়কে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা চলছে, যেখানে দেশটির সমর্থকেরা সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে একের পর এক ফাইনাল হেরে সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। তার অধীনে দলটি জেতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া চলতি বিশ্বকাপেও তিনি দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিদায় হয়েছে নীরবে। তবে মেসির ক্ষেত্রে ভিন্ন কিছু করতে চায় আর্জেন্টিনা। পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটি শুধু একজন ফুটবলারের বিদায় নয়, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তিকে সম্মান জানানোর এক আবেগঘন আয়োজন হয়ে উঠবে।








