অপেক্ষার অবসান, ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। প্রাথমিকভাবে তার সঙ্গে চার বছরের চুক্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
৫৪ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের দায়িত্ব নেওয়ার আলোচনায় ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর তিনি আর কোনো ক্লাবের দায়িত্ব গ্রহণ করেননি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষাতেই ছিলেন তিনি।
ফ্রান্সের সাবেক কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হচ্ছেন জিদান। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করা দেশমে চলতি মাসে বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে তার অধ্যায়ের ইতি টানেন। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স এবং ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। গত চার থেকে পাঁচ বছরে বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেলেও তিনি সেগুলো ফিরিয়ে দিয়েছেন, কারণ তিনি জাতীয় দলের দায়িত্বের অপেক্ষায় ছিলেন।
খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক ছিলেন জিদান। একই সঙ্গে ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়ন দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই সময় দিদিয়ের দেশমেও ছিলেন তার সতীর্থ।
কোচ হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিদান। তার নেতৃত্বে স্প্যানিশ ক্লাবটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে। আধুনিক ফুটবলে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের এমন নজির আর কোনো কোচের নেই।
বিজ্ঞাপন
এবার জাতীয় দলের ডাগআউটে নতুন মিশন শুরু করছেন জিদান। সমর্থকদের প্রত্যাশা, তার নেতৃত্বে ফ্রান্স আবারও আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে।








