বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রিতে ফিফার জটিলতা

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ৪৮টি দল চূড়ান্ত হওয়ায় ফিফা টিকিটের চূড়ান্ত ধাপ ঘোষণা করেছে। তবে টিকিট বিক্রিতে কারিগরি জটিলতার কারণে ফিফা বিপাকে পড়েছে এবং ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া, কোন ম্যাচে কোন ক্যাটাগরির টিকিট কত মূল্যে পাওয়া যাবে, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ফিফার ‘শেষ মুহূর্তের বিক্রয় পর্ব’-এ ক্লিক করার পর সমর্থকদের একটি অংশকে ‘পিএমএ লেট কোয়ালিফায়ার সাপোর্টার্স সেলস ফেজ’-এ নিয়ে যাওয়া হয়। যদিও এটি মূলত বিশ্বকাপ নিশ্চিত হওয়া ছয়টি দেশের ভক্তদের জন্য তৈরি হয়েছিল, সমর্থকদের ভিন্ন পর্বে পাঠানোর ব্যাখ্যা ফিফা দিতে পারেনি। পরে তারা জানিয়েছে, লিংক ঠিকমতো কাজ করছে।
আরও পড়ুন: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ফিফা জানিয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের অবিক্রিত সব টিকিটের তথ্য এখন দেওয়া হবে না। অতিরিক্ত টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। বর্তমানে টিকিট বিক্রির পঞ্চম ও চূড়ান্ত ধাপ চলছে। এর আগে ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভিসা প্রি-সেল ড্র, ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আর্লি টিকিট ড্র, ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যান্ডম সিলেকশন ড্র এবং ফেব্রুয়ারির শেষদিকে একটি অনির্ধারিত ৪৮-ঘণ্টার ধাপে টিকিট বিক্রি করা হয়।
বিজ্ঞাপন
বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কেনা যাবে চূড়ান্ত ধাপের টিকিট। এই পর্বে প্রথমবারের মতো কোনো ক্যাটাগরিতে টিকিটের জন্য অনুরোধ করার পরিবর্তে একটি নির্দিষ্ট আসন কেনা যাবে। এবারের মেগা টুর্নামেন্টের টিকিটে ডায়মানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ম্যাচ অনুসারে একই ভেন্যুতে বিভিন্ন ক্যাটাগরির টিকিটমূল্যে পার্থক্য থাকছে। ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় বলা হয়– টিকিটের দাম ১৪০ ডলার থেকে ৮৬৮০ ডলার পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে সমালোচনার মুখে তারা প্রতিযোগী দেশগুলোর একনিষ্ঠ সমর্থকদের জন্য ৬০ ডলার থেকে মূল্য নির্ধারণের কথা জানায়। ম্যাচপ্রতি প্রতিটি দল এমন টিকিট পাবে ৪০০-৭০০টির মতো।
গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সম্পন্ন হয়েছে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের শেষ সুযোগ প্লে-অফ পর্ব। দু’দিনে বিশ্বকাপের মূলপর্বে খেলা চূড়ান্ত হয়েছে ৬ দলের। মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন ও ডিআর কঙ্গো। এ ছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিলো ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।
বিজ্ঞাপন
অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে উল্লেখ করেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও আসন্ন টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। এমনকি তাদের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে ইউরোপের ফুটবল ভক্তদের সংগঠন।








