ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পরও সুযোগ মেলেনি, অবসর প্রসঙ্গে যা বললেন শামি

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারত জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সুযোগ পাননি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। যদিও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬৭টি উইকেট শিকার করেছেন তিনি, তবুও জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এখনই অবসরের পথে হাঁটতে রাজি নন।
বিজ্ঞাপন
এবার আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন শামি। নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুম সামনে রেখে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে অবসর প্রসঙ্গ তুলে ধরা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আপাতত এমন কোনো চিন্তা তার নেই।
অবসরের প্রশ্নে শামি বলেছেন, যে দিন ক্রিকেট আর ভালো লাগবে না, সেদিন সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে অবসর নিয়ে কিছুই ভাবছি না। এই ধরনের ভাবনা নিরুৎসাহিত করে।
বিজ্ঞাপন
‘অবসরের ব্যাপারটা ব্যক্তিগত। কেউ ক্লান্ত হয়ে পড়লে অবসরের কথা ভাবে। কোনও বিষয় একঘেয়ে লাগলে ক্লান্তি আসে। আগেও বলেছি, যে দিন সকালে ঘুম ভাঙার পর ক্রিকেট একঘেয়ে মনে হবে, সে দিনই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেব।’-যোগ করেন তিনি।
এ বার নতুন দলের হয়ে আইপিএল খেলবেন শামি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বোলার হিসাবে নিজের ১০০ শতাংশ দিতে চাই। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি শুধু চেষ্টাই করতে পারি। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না। বাকিটা দেখা যাবে।’
বিজ্ঞাপন
জাতীয় দলে না থাকলেও নিজের পারফরম্যান্স ও ফিটনেস ধরে রেখে আবারও সুযোগের অপেক্ষায় আছেন এই অভিজ্ঞ পেসার।








