Logo

হামজা-সামিতদের জন্য চীনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৪:৪৮
হামজা-সামিতদের জন্য চীনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রত্যাশা করছে সরকার। এ লক্ষ্যেই মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান যে, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সকল ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে চীনের জাতীয় ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন তিনি, নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই খাত আরও সমৃদ্ধ হবে।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগের আহ্বান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো বিভিন্ন ইভেন্টে দক্ষ চীনা কোচ নিয়োগ এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD