Logo

স্ত্রীর কথাতেই আত্মবিশ্বাস, ম্যাচে নায়ক এন্দ্রিক

profile picture
ক্রীড়া ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৩
স্ত্রীর কথাতেই আত্মবিশ্বাস, ম্যাচে নায়ক এন্দ্রিক
ছবি: সংগৃহীত

২০২৩ সালের নভেম্বরে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হলেও মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিয়মিত সুযোগ পাননি এন্দ্রিক। ফলে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে ডিসেম্বরে লিওঁতে যোগ দেওয়ার পর পারফরম্যান্সে দারুণ উন্নতি করেন এই তরুণ ফরোয়ার্ড। ১৪ ম্যাচে ৬ গোল ও ৫ অ্যাসিস্ট করে আবারও জাতীয় দলে জায়গা ফিরে পান এবং মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এই সাফল্যের পেছনে স্ত্রী গ্যাবিয়েলি মিরান্দার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭৯তম মিনিটে মাঠে নামেন এন্দ্রিক। তখন ম্যাচের স্কোর ছিল ১-১। তার মাঠে নামার পরই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় ব্রাজিল, যেখানে দুটি গোলেই প্রত্যক্ষ অবদান রাখেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। প্রথমে একটি পেনাল্টি আদায় করেন তিনি, যা থেকে ইগর থিয়াগো গোল করেন। এরপর ব্রাজিলের তৃতীয় গোলটি তৈরি করে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জন্য।

এন্দ্রিক বললেন, ‘আমি মিথ্যা বলব না– ভালো পারফর্ম করার জন্য আমার মধ্যে একটা তাগিদ ছিল। আমার স্ত্রীর কাছ থেকে বার্তা পাওয়ার পর সব চাপ ও ভয় উবে গেল। আমি আমার স্ত্রী ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার জীবনে তাদের পেয়েছি। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে ছিলেন না এন্দ্রিক। ক্রোয়েশিয়ার বিপক্ষে সুযোগ পেলে ভালো করার একটা চাপ ছিল। তিনি বললেন, ‘আমার এই তাগিদ ছিল। আমার স্ত্রী আমাকে বলল, আমি যদি মাঠে নামি, গোল করি বা না করি, সেটাই হবে বিজয়, তারপরই সব চাপ দূর হয়ে গেল।’

আগামী ১৮ মে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। এন্দ্রিক আশাবাদী, ব্রাজিলের হয়ে নিজের সেরাটা দিতে পারবেন তিনি। তার ভাষায়, ‘দেশের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD