ট্রেনারের বিশ্বাস পুরো ফিট হয়েই দলে ফিরবেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে ফেরানোর আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় তার বর্তমান ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে মোটেও উদ্বিগ্ন নন জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি। তার বিশ্বাস, মাঠে ফেরার সময় পুরোপুরি প্রস্তুত অবস্থাতেই ফিরবেন সাকিব।
বিজ্ঞাপন
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে। বুধবার (১ এপ্রিল) সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইফতিখার ইফতি। সেখানে সাকিবের ফিটনেস নিয়ে তিনি বলেন, 'সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার। সে তার ফিটনেস মেইনটেইন করে। আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেইনার আছে পার্সোনাল। ফিজিও আছে, নিউট্রিশন আছে। আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমরা এখানে থাকলে যা মনিটর করব, তার চেয়ে বেশি মনিটরিং এর মধ্যে সাকিব আছে।
সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির কাছে সুনির্দিষ্ট কোনো নতুন ‘ডেটা’ নেই দাবি ইফতির, সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেইনারের সাথে অ্যাক্টিভিটি চলছে। আমি এগুলা খেয়াল করি সবসময়। আমাদের কাছে আপাতত কোনো প্রপার ডেটা নেই, কিন্তু আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার ফিট থাকবে।
বিজ্ঞাপন
এদিকে, সাকিব কবে নাগাদ জাতীয় দলের নির্বাচনের জন্য উপলব্ধ হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ইফতিখার ইফতি বলেন, জাতীয় দল একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয় এবং যে খেলোয়াড়রা দলে আসবেন, তাদের নিয়েই পরিকল্পনা সাজানো হবে। সাকিবের বিষয়টি একটি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে জড়িত বলে উল্লেখ করে তিনি জানান, সাকিব দেশে ফেরার পর এবং বোর্ড যখন তাকে খেলার জন্য প্রস্তুত মনে করবে, তখনই তাকে ঘিরে আলাদা পরিকল্পনা নেওয়া হবে।
বর্তমান সময়ে ক্রিকেটারদের ফিটনেস সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও মনে করেন এই ট্রেনার। তার ভাষ্য অনুযায়ী, এখনকার খেলোয়াড়রা খাদ্যাভ্যাস ও ডায়েট নিয়ে বেশ মনোযোগী। তারা নিয়মিত ট্রেনার ও ফিজিওদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের শারীরিক সক্ষমতা উন্নয়নে সচেষ্ট। এই ইতিবাচক পরিবর্তন দলীয় পারফরম্যান্সেও প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।








