শনিবার বোর্ড মিটিংয়ে বসছে বিসিবি, আলোচনায় থাকবে যেসব বিষয়

গেল বছরের নির্বাচনের পর থেকে স্বস্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে ঢাকার ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ঢাকার ক্লাব ক্রিকেট কার্যত স্থবির হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, যার কারণে ঢাকা লিগও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল (শনিবার) বিসিবির পরিচালকরা বোর্ড সভায় বসতে যাচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে সকাল ১১টা থেকে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় যারা সরাসরি অংশ নিতে পারবেন না, তারা অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারবেন।
এদিন মূলত ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে আলোচনা হবে। সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবিকে চিঠি দিয়েছে, সেটির বাস্তবায়ন বিষয়টি প্রধান আলোচনার একটি অংশ হবে। এছাড়া রুটিন মাফিক আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু ও এজেন্ডায় অন্তর্ভুক্ত থাকবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি এবং সবশেষ পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে বিসিবির সবশেষ নির্বাচন ইস্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরমধ্যে সেই কাজও চলমান রয়েছে, বিসিবির অনেক পরিচালক কমিটিকে সাক্ষাৎকারও দিয়েছেন। এ বিষয়ে আলোচনা হবে কি না বোর্ড সভাতে সেই বিষয়ে কিছু জানা যায়নি।








