বিসিবিতে নতুন করে অস্থিরতা, আরও এক পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার লজিস্টিকস কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইয়াসির ফয়সাল নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এনএসসি কোটায় বিসিবিতে অন্তর্ভুক্ত হওয়া এই পরিচালক তার পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। ফলে তার সরে দাঁড়ানোর কারণ নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বিসিবিতে একাধিক পরিচালকের পদত্যাগ ও দায়িত্ব পরিবর্তনের ঘটনা ঘটে। গত বছরের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমজাদ হোসেনকে হঠাৎ সরিয়ে ওই পদে মোখছেদুল কামাল বাবুকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন আমজাদ হোসেন। একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক।
বিজ্ঞাপন
এদিকে বিসিবির বর্তমান নেতৃত্ব, বিশেষ করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে বোর্ডের কার্যক্রম নিয়ে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। ক্লাব সংগঠকদের সঙ্গে চলমান মতবিরোধের কারণে রাজধানীর ক্লাব ক্রিকেট কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে মাঠে খেলা শুরু না হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই আগামী শনিবার (৪ এপ্রিল) বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে সকাল ১১টায় সভাটি শুরু হবে। পরিচালকদের উপস্থিতিতে বোর্ডের সাম্প্রতিক সংকট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে একের পর এক পদত্যাগ ও প্রশাসনিক পরিবর্তনের কারণে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি।








