Logo

বিশ্বকাপে প্রত্যাবর্তন স্মরণে ব্যাংক নোটে স্কটল্যান্ডের ঐতিহাসিক গোল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ মে, ২০২৬, ১৯:০৭
বিশ্বকাপে প্রত্যাবর্তন স্মরণে ব্যাংক নোটে স্কটল্যান্ডের ঐতিহাসিক গোল
ছবি: সংগৃহীত

১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে গত বছর নভেম্বরে বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়েই তারা নিশ্চিত করে আসন্ন বিশ্ব আসরের টিকিট। ওই ম্যাচে স্কট ম্যাকটমিনের এক অসাধারণ ওভারহেড কিকে করা গোলটি স্কটিশ ফুটবল ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবার সেই বিখ্যাত গোলের ছবি স্থান পেয়েছে স্কটল্যান্ডের ব্যাংক নোটে। ডেনমার্কের বিপক্ষে সেই নাটকীয় জয়ের সময় করা গোলের দৃশ্য ব্যবহার করে ২০ পাউন্ডের একটি সীমিত সংস্করণের নোট প্রকাশ করেছে ব্যাংক অব স্কটল্যান্ড।

জানা গেছে, মাত্র ১০০টি নোট মুদ্রণ করা হয়েছে। এর মধ্যে ৫০টি সংগ্রাহকদের নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি নোটগুলোর কিছু প্রাইজ ড্র এবং গ্লাসগো ও এডিনবার্গে স্থাপিত দুটি অস্থায়ী ভল্ট (পপ-আপ ভল্ট) থেকে পাওয়া যাবে। এই উদ্যোগ থেকে অর্জিত অর্থ গৃহহীনদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থা ‘ক্রাইসিস স্কটল্যান্ড’-এ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে এই উদ্যোগ নিয়ে বলেন, ‘দলকে যারা অনুসরণ করে, এই ধরনের মুহূর্ত তাদের সবার জন্য প্রাপ্য। স্কটিশ ব্যাংক নোটে আমার গোলটি দেখে অবিশ্বাস্যরকমের বিশেষ অনুভূতি হচ্ছে।’

ব্যাংক অব স্কটল্যান্ডের স্কটিশ নির্বাহী কমিটির সভাপতি এমা নোবেল জানান, জাতীয় দলের বিশ্বকাপে ওঠাকে ‘স্কটিশ পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত উপায়ে’ উদযাপন করার আকাঙ্ক্ষা থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ড হাইতি, মরক্কো ও ব্রাজিলের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলবে। বিশ্বমঞ্চে কখনো তারা গ্রুপ পর্ব পার হতে পারেনি। ২৩ ম্যাচে চারটি জয় তাদের সেরা সাফল্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD