বিশ্বকাপের আগে আইভরি কোস্টের কাছে হোঁচট ফ্রান্সের

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে অপ্রত্যাশিত হারের মুখ দেখেছে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দল আইভরি কোস্টের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে কিলিয়ান এমবাপ্পের দল।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে অবশ্য আধিপত্য ছিল ফরাসিদেরই। প্রথমার্ধে রায়ান চেরকির দারুণ এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আইভরি কোস্ট। প্রথমে গুয়েলা দুয়ে সমতা ফেরান। এরপর ম্যাচের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আমাদ দিয়ালো জয়সূচক গোল করে দলকে চমকপ্রদ জয় এনে দেন।
বিজ্ঞাপন
আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। বিশ্বকাপের ঠিক আগে এই হারকে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছেন না দলের খেলোয়াড়রা।
ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, পরাজয় অবশ্যই হতাশার, তবে দল এখনও প্রস্তুতির মধ্যেই রয়েছে। একটি প্রীতি ম্যাচের ফলের ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। বিশ্বকাপের মূল আসরে তারা নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিজ্ঞাপন
তবে দলের প্রধান কোচ দিদিয়ের দেশম সতর্কবার্তা দিতে ভোলেননি। তিনি বলেন, হার কখনোই সুখকর নয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনা হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখার সুযোগ নেই। আইভরি কোস্ট দুর্দান্ত গতিতে খেলেছে এবং এই পরাজয় মনে করিয়ে দিয়েছে যে, নিজেদের আরও উন্নতির জায়গা রয়েছে।
দেশমের ভাষ্য, বিশ্বকাপে শুরু থেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। তাই এই হার দলকে বাস্তবতা বুঝতে এবং আরও মনোযোগী হতে সহায়তা করবে।








