দেশের ৩ চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। তবে সেই অনিশ্চয়তার অবসান ঘটেছে বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে। শেষ পর্যন্ত দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে দেশের বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও বিশ্বকাপের খেলা সরাসরি দেখাবে। জানা গেছে, এই তিনটি টেলিভিশন চ্যানেল যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।
বিশ্বকাপের বাংলাদেশ অংশের সম্প্রচার স্বত্ব প্রথমে কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি ফিফার কাছ থেকে স্বত্ব সংগ্রহ করলেও পরে স্থানীয় বাজারে সেটি বিক্রি করতে ব্যর্থ হয়। একপর্যায়ে তারা চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিল না। এই জটিলতা নিরসনে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
জানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি।
বিজ্ঞাপন
আরও জানা গেছে, এবার বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। সম্প্রচারসংক্রান্ত পুরো খরচ যৌথভাবে বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট চ্যানেল ও টেলিযোগাযোগ অপারেটরগুলো। ফলে দেশের দর্শকরা সহজেই বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।








