১৫ বছর বয়সেই জাতীয় দলে বৈভব, নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে অধিনায়কত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। তার জায়গায় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ার।
বিজ্ঞাপন
একই ঘোষণায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
নতুন নেতৃত্বে থাকা শ্রেয়াস আইয়ার প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হিসেবে। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
বিজ্ঞাপন
স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর নাম। নির্বাচকরা তাকে ভবিষ্যৎ বিশ্বকাপ পরিকল্পনা এবং ২০২৮ অলিম্পিকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন। তবে জাতীয় দলে অভিষেকের আগে তিনি ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারেন।
অন্যদিকে, পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকা এবং সাম্প্রতিক আইপিএলে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
নতুন স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়েছে তিলক ভার্মা। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে সাজানো এই দলে রয়েছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিংসহ আরও কয়েকজন।
ভারত সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৬ ও ২৮ জুন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ১ থেকে ১১ জুলাই পর্যন্ত।








