চ্যাম্পিয়ন ভারত, হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের শিরোপাজয়ী বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা আর পূরণ হয়নি। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ১-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে টাইগ্রেসরা। এর আগে ২০১৬ সালের ফাইনালেও ভারতের কাছেই হারতে হয়েছিল বাংলাদেশকে।
বিজ্ঞাপন
গত দুই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও এবারের টুর্নামেন্টে শুরু থেকেই ছন্দে ছিল না বাংলাদেশ দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ০-৩ গোলে হারের পর ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে তিন গোল হজম করতে হয়েছে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ঋতুপর্ণা চাকমা।
বৃটিশ কোচ পিটার বাটলারের দলে অন্যতম সমস্যা গোলকিপিং ও ডিফেন্স। ফাইনালে সেটিই ভুগিয়েছে বাংলাদেশকে। তিনটি গোলের মধ্যে দু'টির পেছনে গোলরক্ষক মিলি আক্তারের ভুল রয়েছে আরেকটি ডিফেন্ডার আফিদা খন্দকারের। ভারতের ফরোয়ার্ডদের চেয়ে বাংলাদেশের ব্যর্থতাই বেশি।
বিজ্ঞাপন
প্রথমার্ধের ইনজুরি সময়ে ঋতুপর্ণার দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশ সমতা এনেছিল। নেপাল ম্যাচেও ঋতুপর্ণার অলিম্পিক গোলে বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল। ভারত ম্যাচে অবশ্য এমনটা হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশরে ডিফেন্ডাররাকে তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায়।
দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে বাংলাদেশ সমতা আনার চেষ্টা করে। ঋতুপর্ণার উপর নির্ভর করলেও তিনি এই অর্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেননি। বাংলাদেশ এই অর্ধে ভালো ফুটবল খেলতে পারেনি। উল্টো ৮২ মিনিটে ডিফেন্ডার আফিদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের ফরোয়ার্ডের পায়ে লেগে আরেক ফরোয়ার্ড কম বল পান। তার নেয়া শট জালে জড়ালে ভারতের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়।
বিজ্ঞাপন
এর আগে ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ভারত। পিয়ারি সাহার শট ঠেকাতে গিয়ে গোলরক্ষক মিলি আক্তার পোস্ট ছেড়ে সামনে চলে আসেন। সেই সুযোগে পিয়ারি সাহা বক্সের বাইরে থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে মাথার ওপর দিয়ে নিখুঁত শটে গোল করেন। যদিও কয়েক মিনিট পর ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত কোনাকুনি শটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।
শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে না পারায় ১-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। ফাইনাল হারের মাধ্যমে সাফে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নও শেষ হয়ে যায় টাইগ্রেসদের।








