বিসিবি নির্বাচন : ৪০ মিনিট পর পড়ল প্রথম ভোট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট পড়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও দীর্ঘ সময় কোনো ভোটার ভোট দিতে আসেননি। পরে প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোটটি প্রদান করা হয়।
বিজ্ঞাপন
নির্বাচনকে কেন্দ্র করে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামসংলগ্ন বিভিন্ন সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি সড়কে যান চলাচলও সীমিত রাখা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং বিসিবির অনুমোদিত প্রতিনিধিদের বাইরে অন্য কাউকে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ হচ্ছে। খুলনা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন এবং বরিশাল বিভাগে একটি পদের জন্য দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ক্যাটাগরি-৩, যেখানে ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক, সার্ভিসেস ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভোটাররা অন্তর্ভুক্ত, সেখানে কোনো ভোটের প্রয়োজন হয়নি। এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।
মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ঢাকা ক্লাব কোটায়। এ বিভাগে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। মোট ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১২ জন পরিচালক নির্বাচন করবেন।
বিজ্ঞাপন
এখন নজর রয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ক্যাটাগরিতে শেষ পর্যন্ত কারা পরিচালনা পর্ষদে জায়গা করে নেন।








