Logo

পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ১০:৫৫
পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচে প্রথমে গোল হজম করলেও শেষ পর্যন্ত চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। দলের অধিনায়ক সন হিউং-মিন একের পর এক আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পাননি।

প্রথমার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল গোলশূন্য।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডের মাধ্যমে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

তবে মাত্র আট মিনিট পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান হোয়াং ইন-বম।

৭৭তম মিনিটে টমাস সৌচেকের ফ্রি-কিক থেকে চেক প্রজাতন্ত্র আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বিজ্ঞাপন

এর তিন মিনিট পরই ম্যাচের ফল নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া। সতীর্থের বাড়ানো ক্রস থেকে কাছাকাছি দূরত্বে শট নেন ওহ হিউয়ান-গিউ। বল গোলরক্ষক মাতেয় কোভারের হাতে লেগে জালে জড়িয়ে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কোরিয়ানরা। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের সর্বশেষ সাত আসরের উদ্বোধনী ম্যাচে মাত্র একবার হারের রেকর্ড ধরে রাখল দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে বিশ্বকাপের মূলপর্বে ইউরোপের দলগুলোর বিপক্ষে তাদের সফলতার তালিকায় যোগ হলো আরও একটি জয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই হার দিয়ে আসর শুরু করতে হলো চেক প্রজাতন্ত্রকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD