Logo

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ১২:৩৭
বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা থাকলেও তার আগে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেসের শারীরিক সমস্যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে পুরোপুরি ফিট নন। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস পেশির অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন। ফলে বুধবারের মূল অনুশীলনে তারা দলের সঙ্গে না থেকে আলাদাভাবে কাজ করেছেন।

চোট থাকলেও আপাতত এই দুই ফুটবলারকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে ধরা হচ্ছে না। তবে তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তালিয়াফিকো। তবে পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চেও দেখা যায়নি। তার এই অনুপস্থিতি রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, তালিয়াফিকোর চোট গুরুতর নয়। তবে আগামী কয়েক ঘণ্টায় তার শারীরিক অবস্থা আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে তিনি বিশ্বকাপে দলের অংশ হিসেবে থাকবেন বলে আশা করা হচ্ছে। একইভাবে গঞ্জালেসের অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

গঞ্জালেসের ক্ষেত্রে জানা গেছে, পেশির ছিঁড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ই তিনি পুরোপুরি ফিট ছিলেন না। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। তবে এটিকে প্রাথমিকভাবে গুরুতর কিছু নয়, বরং সাধারণ মাংসপেশির টান বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে যুক্ত হয়েছেন মার্কোস সেনেসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD