গ্রুপ পর্বের যে ৫ ম্যাচে চোখ থাকবে ফুটবল বিশ্বের

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই টানা উত্তেজনা আর একের পর এক হাই-ভোল্টেজ লড়াই। এবার সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, ফলে ম্যাচ সংখ্যাও আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি। শুধু গ্রুপ পর্বেই অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। এত বিপুল সংখ্যক ম্যাচের ভিড়ে কিছু লড়াই শুরু থেকেই সমর্থকদের বিশেষ আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।
বিজ্ঞাপন
দলগুলোর বর্তমান শক্তিমত্তা, তারকাখচিত স্কোয়াড, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অতীতের রেকর্ড বিবেচনায় কয়েকটি ম্যাচকে গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাও এমন পাঁচটি ম্যাচকে আলাদা করে চিহ্নিত করেছে, যেগুলো বিশ্বকাপপ্রেমীদের জন্য হতে পারে বিশেষ আকর্ষণের।
ব্রাজিল–মরক্কো: শুরুতেই কঠিন বাধা
বিজ্ঞাপন
আগামী ১৪ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কার্লো আনচেলত্তির অধীনে নতুন যাত্রা শুরু করা ব্রাজিলের আক্রমণভাগের বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে আফ্রিকান ফুটবলের অন্যতম শক্তি মরক্কো এবারও বড় কিছু করার স্বপ্ন দেখছে। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি ব্রাজিলের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।
১৪ জুন ডালাসে হবে ‘এফ’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। বিশ্বকাপে এখনও শিরোপার দেখা না পাওয়া নেদারল্যান্ডসের সামনে থাকবে জাপানের কঠিন পরীক্ষা। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। এবারও সামুরাই ব্লুরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকবে।
বিজ্ঞাপন
ফ্রান্স–সেনেগাল: ২৪ বছর পর সেই পুনর্মিলন
১৬ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে ফ্রান্স ও সেনেগাল। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল।
দুই দশকেরও বেশি সময় পর আবার দেখা হচ্ছে দুই দলের। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এ এই ম্যাচের ফলই হয়তো নির্ধারণ করে দিতে পারে গ্রুপসেরা কারা হচ্ছে।
বিজ্ঞাপন
ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: সেমিফাইনালের পুনরাবৃত্তি
১৭ জুন ডালাসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়াটরা।
থমাস টুখেলের অধীনে প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নামা ইংল্যান্ডের জন্য এটি হবে বড় পরীক্ষা। গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান নির্ধারণেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
কলম্বিয়া–পর্তুগাল: গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি অনুষ্ঠিত হবে ২৭ জুন মায়ামিতে। ‘কে’ গ্রুপের এই হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল।
বিজ্ঞাপন
কলম্বিয়ার হয়ে খেলবেন লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজ। অন্যদিকে পর্তুগালের নেতৃত্বে থাকবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই দলের তারকাখচিত লাইনআপের কারণে ম্যাচটি নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।
এই ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এমনকি পুনর্বিক্রয় বাজারেও টিকিটের মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে। একটি টিকিটের দাম ২ হাজার ২০০ থেকে ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে। ফলে এটিই এখন গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও অনেক আকর্ষণীয় ম্যাচ থাকলেও শক্তির ভারসাম্য, তারকাদের উপস্থিতি, ইতিহাস এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে এই পাঁচটি ম্যাচকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফুটবল বিশ্লেষকরা। তাই বিশ্বকাপের রোমাঞ্চ পুরোপুরি উপভোগ করতে চাইলে এই ম্যাচগুলো কোনোভাবেই মিস করা উচিত হবে না।
বিজ্ঞাপন








