Logo

২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ১৯:০৫
২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ
ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবার ২০২৬ বিশ্বকাপ নিয়েও সাহসী এক ভবিষ্যদ্বাণী করেছেন। তার বিশ্বাস, আসন্ন বিশ্বকাপের ট্রফিও উঠবে আর্জেন্টিনার হাতেই। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বিজ্ঞাপন

সম্প্রতি তার ক্লাব অ্যাস্টন ভিলার একটি স্পন্সর আয়োজনে অংশ নিয়ে পুরো টুর্নামেন্টের নকআউট পর্বের সম্ভাব্য চিত্র তুলে ধরেন মার্টিনেজ।

তার হিসাব অনুযায়ী, গ্রুপ পর্বে মুখোমুখি না হলেও নকআউটের বাধা পেরিয়ে ফাইনালে উঠবে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ফাইনাল গড়াবে টাইব্রেকার পর্যন্ত। আর সেখানেই ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, কাতার বিশ্বকাপ শুরুর আগেও আর্জেন্টিনার শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছিলেন মার্টিনেজ। শেষ পর্যন্ত তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফলে তার নতুন ভবিষ্যদ্বাণীও ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনও বাকি রয়েছে ১০২টি ম্যাচ। তবে এরই মধ্যে নিজের কল্পিত নকআউট পর্বের চিত্রও সাজিয়ে ফেলেছেন মার্টিনেজ।

তার মতে, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস এবং মেক্সিকো।

বিজ্ঞাপন

তবে তার সম্ভাব্য তালিকায় সবচেয়ে বড় চমক হলো বর্তমান ইউরোপিয়ান শক্তি স্পেনের অনুপস্থিতি। তরুণ তারকা লামিন ইয়ামালের নেতৃত্বে স্পেনকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। কিন্তু মার্টিনেজের ধারণা, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে স্পেন।

তার পূর্বাভাস অনুযায়ী, শেষ ষোলোতে ফ্রান্স হারাবে নরওয়েকে, জার্মানি জয় পাবে তুরস্কের বিপক্ষে, নেদারল্যান্ডস পরাজিত করবে যুক্তরাষ্ট্রকে, ব্রাজিল হারাবে জাপানকে এবং মেক্সিকো জয় তুলে নেবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারাবে কলম্বিয়াকে। ২০২২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটিয়ে আর্জেন্টিনা জয় পাবে ফ্রান্সের বিপক্ষে। অন্যদিকে জার্মানি পরাজিত করবে নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল হারাবে মেক্সিকোকে।

সেমিফাইনাল নিয়েও নিজের ধারণা তুলে ধরেছেন মার্টিনেজ। তার মতে, এই পর্বে ফুটবল ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটবে। ১৯৮৬ বিশ্বকাপের মতোই আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে। তবে এবার ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। অন্য সেমিফাইনালে ব্রাজিল জয় পাবে জার্মানির বিপক্ষে।

বিজ্ঞাপন

সবশেষে ফাইনালে হবে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মহারণ। মার্টিনেজের বিশ্বাস, ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালের মতো আরেকটি সুপার ক্লাসিকো লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD