আধিপত্য তুরস্কের, তবুও জয় তুলে নিল অস্ট্রেলিয়া

ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণের সংখ্যা এবং সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে তুরস্ক। দীর্ঘ ২৪ বছর পর ফিফা বিশ্বকাপে ফেরা দলটি প্রতিপক্ষের ওপর একের পর এক চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে সীমিত সুযোগকে কাজে লাগিয়ে দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে অস্ট্রেলিয়া। কাউন্টার অ্যাটাকভিত্তিক ফুটবল খেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সকারুজরা।
বিজ্ঞাপন
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণের দিক থেকে ছিল তুরস্কের একচ্ছত্র আধিপত্য। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। পাশাপাশি গোলের উদ্দেশ্যে ৮টি শটও নেয় তুর্কিরা। বিপরীতে অস্ট্রেলিয়া পুরো ম্যাচে মাত্র দুটি শট নিতে সক্ষম হয়। তবে সেই দুই সুযোগই কাজে লাগিয়ে প্রতিপক্ষকে হতাশ করে দেয় তারা।
অবশ্য তুরস্কের আক্রমণ ঠেকানোর মূল ভূমিকায় ছিলেন ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। তিনি আটটি সেভ করেন। এটি ছিল অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। বিপরীতে, ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর তুরস্ক টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিতে পারেনি। এবার প্লে-অফে কসোভোকে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার হয়ে ২৭তম মিনিটে গোলের সূচনা করেন ইরানকুন্ডা। তিনজন ডিফেন্ডারের চাপের মাঝেও নিচু শটে তিনি বল জালে পাঠান। গোল উদযাপনের সময় ইরানকুন্ডা কর্নার ফ্ল্যাগে ঘুষি মেরে অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিলকে শ্রদ্ধা জানান। ২০ বছর বয়সী এই ওয়াটফোর্ড ফরোয়ার্ড বিশ্বকাপে গোল করা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
কয়েক মিনিট পর তুরস্কের আবদুলকেরিম বারদাকচির দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন বিচ। কোচ টনি পপোভিচের চমকপ্রদ সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে বিচ অস্ট্রেলিয়ার গোলপোস্টের দায়িত্ব পান। তুরস্কের ২১ বছর বয়সী জুভেন্তাস খেলোয়াড় কেনান ইলদিজ শুরুর একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামানো হয় তাকে।
আরও পড়ুন: তিন উইকেট হাড়িয়ে বিপাকে বাংলাদেশ
বিজ্ঞাপন
ম্যাচের ৫৭তম মিনিটে তুরস্ক একটি বিপজ্জনক ফ্রি-কিক পায়। রিয়াল মাদ্রিদের প্রতিভাবান ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলারের নেওয়া সেই শটও রুখে দেন বিচ। মজার বিষয়, তুরস্ক সর্বশেষ যখন বিশ্বকাপে খেলেছিল, তখন গুলারের জন্মই হয়নি। এদিকে, ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ।
এর আগে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে পরে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ পর্বে তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। নকআউট পর্বে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হলেও সেই আসরে প্রশংসা কুড়িয়েছিল সকারুজরা। এবারও বিশ্বমঞ্চে তারা জয় দিয়েই নিজেদের অভিযানের সূচনা করল।








