Logo

বিশ্বকাপের আগে স্মৃতিকাতর মেসির আবেগঘন বার্তা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১৬:২৪
বিশ্বকাপের আগে স্মৃতিকাতর মেসির আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা চলছে ব্যাপকভাবে। দীর্ঘ সময় ধরে চলা অনিশ্চয়তার পর অবশেষে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে মাঠে নামার আগে স্মৃতিকাতরতায় ভুগছেন এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

গত ১১ জুন শুরু হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। তবে এখনো মাঠে নামেনি আর্জেন্টিনা। আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছয় বিশ্বকাপের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মেসি। ক্যারিয়ারের বিশ্বকাপ যাত্রা স্মরণ করে তিনি ক্যাপশনে লিখেছেন শুধু—“২০০৬⚽২০২৬”, যা তার আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের শুরু ও সম্ভাব্য শেষকে এক ফ্রেমে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

রোজারিও’র এই তারকা ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথমবার খেলেন। এরপর দক্ষিণ আফ্রিকা ২০১০ (দিয়েগো ম্যারাডোনার অধীনে), ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে অংশ নেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন পূর্ণ করেন মেসি। ২০২৬ আসর তার ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে।

বিশ্বকাপ ইতিহাসে এবার মেসির সঙ্গে আরও দু’জন ফুটবলার ষষ্ঠবারের মতো টুর্নামেন্টে নামছেন—মেক্সিকোর গুইলার্মো ওচোয়া এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপে সম্ভাব্য রেকর্ডের দোরগোড়ায় মেসি

বিজ্ঞাপন

সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ : মেসির সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। রেকর্ডটি এখনও জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে, তার গোল সংখ্যা ১৬। এরপর আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল) এবং আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলার (১৪ গোল)। মেসি বর্তমানে ১৩ গোল নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সঙ্গে।

তবে একই রেকর্ড ভাঙার পথে আছেন আরও একজন, যিনি গত দুই বিশ্বকাপেই মেসির সঙ্গে দলীয় ও ব্যক্তিগতভাবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে মাত্র ২৭ বছর এবং তৃতীয় আসরে নামতে যাওয়ার আগে টুর্নামেন্টটিতে তার গোলও সমান ১৩টি।

সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড : মেসি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও হতে পারেন। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি ৮টি গোলে সহায়তা করেছেন। ১০টি অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। তাকে ছুঁতে দুই এবং শীর্ষে উঠতে মেসিকে তিনটি অ্যাসিস্ট করতে হবে।

বিজ্ঞাপন

আরেকটি ফাইনাল খেললে নতুন উচ্চতায় মেসি : মেসি এখন পর্যন্ত দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন– ব্রাজিল ২০১৪ ও কাতার ২০২২। আরও একটি ফাইনালে উঠতে পারলে তিনি সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলা খেলোয়াড়দের বিশেষ তালিকায় জায়গা করে নেবেন। এমবাপেরও অবশ্য দুটি বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি আছে।

একই রেকর্ড আছে পাঁচজনের– ব্রাজিলের পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৭০), কাফু (১৯৯৪, ১৯৯৮, ২০০২) ও রোনালদো (১৯৯৪, ১৯৯৮, ২০০২) এবং জার্মানির লোথার ম্যাথাউস (১৯৮২, ১৯৮৬, ১৯৯০) ও পিয়েরে লিটবারস্কি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০)।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ ও মিনিট খেলার রেকর্ড : মেসি আগেই বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে নিয়েছেন। যা তিনি ২০২৬ আসরে আরও বাড়িয়ে নিতে পারেন। তালিকায় তার পরের অবস্থানে থাকা তিনজনই অনেক আগে অবসরে গেছেন– লোথার ম্যাথাউস (২৫), মিরোস্লাভ ক্লোসা (২৪) ও পাওলো মালদিনি (২৩)।

ম্যাচ ও মিনিট খেলার দিক থেকেও ইতোমধ্যেই রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার কীর্তি তার দখলে। নতুন ফরম্যাটে একটি দল সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলতে পারবে, ফলে এই রেকর্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে। এছাড়া বিশ্বকাপে সর্বোচ্চ ২৩০০ মিনিট মাঠে থাকার রেকর্ডও তার নামেই রয়েছে, যা এবার আরও উঁচুতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD