পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বাড়ালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। দর্শকসেবা ও স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, দায়িত্ব গ্রহণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটি তারই বাস্তবায়ন। তিনি বলেন, ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি মাঠের পেছনে নিরলসভাবে কাজ করা কর্মীদের কল্যাণ নিশ্চিত করাও বোর্ডের দায়িত্ব।
সাঈদ ইব্রাহিম উল্লেখ করেন, ক্রিকেট শুধু মাঠের খেলোয়াড়দের ঘিরেই নয়; প্রতিটি ম্যাচ ও অনুশীলন নির্বিঘ্ন করতে অসংখ্য কর্মী নীরবে কাজ করে যান। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন স্টেডিয়ামের পরিবেশ পরিচ্ছন্ন ও উপযোগী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যাতে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা ভালো অভিজ্ঞতা পান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ন্যায্য পারিশ্রমিক কোনো অনুগ্রহ নয়, বরং কর্মীদের শ্রম, নিষ্ঠা ও অবদানের যথাযথ স্বীকৃতি। কর্মীদের জীবনমান উন্নত হলে তারা আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন, যা সামগ্রিকভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবে।
বিসিবি পরিচালক জানান, অন্তর্বর্তী কমিটির সময় থেকে শুরু হওয়া বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই বেতন বৃদ্ধি কার্যকর করা হয়েছে। বোর্ড ক্রিকেট পরিবারের প্রতিটি সদস্যের অবদানকে মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে মাঠকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, সহায়ক কর্মী, কোচ, প্রশাসক ও ক্রিকেটার—সবার অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবশেষে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অবদান রাখা সকল কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও তাদের স্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি।








