Logo

হাইতির বিপক্ষে রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশ নিয়ে জল্পনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৫:৩৭
হাইতির বিপক্ষে রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশ নিয়ে জল্পনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে ব্রাজিল। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে অনুশীলনের ইঙ্গিত বলছে, হাইতির রক্ষণ ভাঙতে আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন তিনি।

বিজ্ঞাপন

ফিলাডেলফিয়ার ম্যাচকে সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে একাধিক ফুটবলারকে নতুনভাবে পরীক্ষা করেছেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ডিফেন্সে ইবানিয়েজের পরিবর্তে দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায় লুইস হেনরিকেকে দেখা যেতে পারে শুরুর একাদশে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কৌশল গোপন রাখছেন ব্রাজিল কোচ।

দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে কিছুটা চোট সমস্যা রয়েছে, আর মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ার কারণে রাফিনিয়া হালকা অনুশীলন করছেন। তাদের জায়গায় অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দেখা গেলেও শেষ পর্যন্ত মূল একাদশে পরিবর্তন নাও আসতে পারে।

বিজ্ঞাপন

মাঝমাঠ নিয়েও রয়েছে কিছু অনিশ্চয়তা। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের সঙ্গে খেলানো হয়। তবে কোচের আস্থাভাজন কাসেমিরোও শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল।

আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমারও বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবারের ম্যাচের আগে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল রওনা দেবে ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD