Logo

ফিক্সিংয়ের অভিযোগে বিশ্বকাপে খেলতে পারছেন না এক ফুটবলার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৮:৫৩
ফিক্সিংয়ের অভিযোগে বিশ্বকাপে খেলতে পারছেন না এক ফুটবলার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ সূচনার পর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। দলের অন্যতম আক্রমণভাগের খেলোয়াড় এলিয়ে ওয়াহি প্রশাসনিক জটিলতায় কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে পারবেন না।

বিজ্ঞাপন

ইকুয়েডরকে হারিয়ে টুর্নামেন্টে ইতিবাচক শুরু করেছিল আইভরি কোস্ট। পরবর্তী ম্যাচে শক্তিশালী জার্মানির মুখোমুখি হওয়ার জন্য দলটির কানাডার টরন্টোতে যাওয়ার কথা রয়েছে। তবে শেষ মুহূর্তে ওয়াহির ভ্রমণসংক্রান্ত জটিলতা সামনে আসায় তিনি দলের সঙ্গে যেতে পারছেন না।

জানা গেছে, ফরাসি ক্লাব নিসে খেলার সময় ম্যাচ ফিক্সিং–সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে ওয়াহির নাম উঠে আসে। বিশ্বকাপ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। যদিও পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয় এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের স্কোয়াডে ছিলেন ওয়াহি। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে কানাডায় প্রবেশের অনুমোদন না পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হচ্ছে।

এ বিষয়ে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) এক বিবৃতিতে জানায়, এলিয়ে ওয়াহিকে ঘিরে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নয়।

ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে তারা খেলোয়াড়টির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রাখছে। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না মেলায় ওয়াহি আপাতত দলের সঙ্গে কানাডায় যেতে পারছেন না।

বিজ্ঞাপন

ফলে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে আইভরি কোস্টকে। অন্যদিকে বিষয়টির অগ্রগতি পর্যবেক্ষণ করছে দেশটির ফুটবল ফেডারেশন। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ে ওয়াহির দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে আইভরি কোস্টের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে এ ঘটনা দলটির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD