ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন রেকর্ড নেদারল্যান্ডসের

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারানোর পাশাপাশি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিয়েছে ডাচরা। এতে তারা পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
বিজ্ঞাপন
এর আগে ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩টি বিশ্বকাপ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। দীর্ঘদিন ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। চলতি আসরের আগে নেদারল্যান্ডস ছিল ওই রেকর্ড থেকে মাত্র এক ম্যাচ দূরে। জাপানের বিপক্ষে ড্র করে তারা ব্রাজিলের সমান ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি স্পর্শ করে। আর সুইডেনকে হারিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ে রোনাল্ড কোম্যানের দল।
বিশ্বকাপে সর্বশেষ ২০১০ সালের ফাইনালে হেরেছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে ডাচরা। এরপর থেকে বিশ্বকাপের কোনো ম্যাচের নির্ধারিত সময়ে হার দেখেনি তারা।
বিজ্ঞাপন
২০১৪ ও ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বে টাইব্রেকারে বিদায় নিতে হলেও নির্ধারিত সময়ে অপরাজিত ছিল দলটি। যদিও ২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস।
চলমান বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় ডাচরা। সুইডেনের শক্ত রক্ষণভাগ ভেঙে প্রথমার্ধে গোল করেন ব্রায়ান ব্রবি। বিরতির পর জোড়া গোল করেন কোডি গাকপো। শেষদিকে আরও একটি গোল যোগ করেন ক্রিসেনসিও সামারভিল। সুইডেনের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা।
বিজ্ঞাপন
এই জয়ে ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথও অনেকটাই সহজ হয়ে গেছে তাদের জন্য। একই গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। জাপানের সংগ্রহ এক পয়েন্ট, আর একটি ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া তিউনিসিয়া অবস্থান করছে গ্রুপের তলানিতে।








