তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপের হাজারতম ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে জাপান। তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শুধু গুরুত্বপূর্ণ তিন পয়েন্টই অর্জন করেনি, একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছে সামুরাই ব্লুরা। এই জয়ের মাধ্যমে এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছে জাপান।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করা জাপান দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দ্রুতগতির আক্রমণে তিউনিসিয়ার রক্ষণভাগকে বারবার চাপে ফেলে বড় জয় নিশ্চিত করে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে উত্তর আফ্রিকার দেশটির।
মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার বাড়ানো বল থেকে কাছ থেকে গোল করে দলকে লিড এনে দেন দাইচি কামাদা। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে জাপানের সবচেয়ে দ্রুততম গোল।
বিজ্ঞাপন
প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে তিউনিসিয়ার জালে বল জড়ান এই ফরোয়ার্ড।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ম্যাচের ৬৯তম মিনিটে উয়েদার চমৎকার পাস থেকে গোল করেন জুনিয়া ইতো। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উয়েদা। নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে জাপান। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন।
বিজ্ঞাপন
সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হারার পর নতুন কোচ হার্ভে রেনার্দকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। তবে তার অধীনেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পুরো ম্যাচে জাপানের গতিময় ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে তিউনিসিয়াকে, আর আক্রমণভাগেও তারা উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি।








