হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামা স্বাগতিক দল একাদশেও এনেছে তিনটি পরিবর্তন।
বিজ্ঞাপন
দলের বাইরে গেছেন সাকলাইন ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অন্যদিকে সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিকভাবে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সংস্করণে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে তাওহীদ হৃদয়ের দল। ফলে শেষ ম্যাচে জয়ের লক্ষ্য শুধু সান্ত্বনা নয়, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোও।
বিজ্ঞাপন
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার দেখতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ঘুরে দাঁড়িয়ে ১৮৯ রান তুললেও শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে প্রথমবার সিরিজ হারল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দুই দলের ব্যাটাররাই রানবন্যা বইয়ে দেন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৯৬ রান। জবাবে বাংলাদেশও দারুণ লড়াই করে ১৮৯ রান পর্যন্ত পৌঁছায়। দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৩৮৫ রান হয়, যা সাগরিকার মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচসংগ্রহ। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হয়েছিল ৩৮৯ রান।
বিজ্ঞাপন
রানপ্রবণ এই ভেন্যুতে আজও বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম।








