সালাহর গোলে চতুর্থ বিশ্বকাপে এসে ঐতিহাসিক জয় মিসরের

ফিফা বিশ্বকাপে চতুর্থবার অংশ নিয়ে অবশেষে জয়ের স্বাদ পেল মিসর। টুর্নামেন্টে নিজেদের নবম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। দলের হয়ে গোল করেছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহও।
বিজ্ঞাপন
সোমবার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মিসর। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে সেই ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দলটি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিসর। ৫৮ মিনিটে মোস্তফা জিকোর হেডে সমতায় ফেরে তারা। গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্বে বল স্পর্শ করলেও রক্ষা করতে পারেননি।
বিজ্ঞাপন
সমতার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিসর। জিকোর ব্যাকহিল পাস থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন মোহামেদ সালাহ। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এর মাধ্যমে মিসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড থেকে আর মাত্র এক গোল দূরে পৌঁছে গেছেন তিনি। বর্তমানে জাতীয় দলের কোচ হোসাম হাসানের নামের পাশে রয়েছে ৬৮ গোল।
ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগের হেডে ব্যবধান ৩-১ করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েও কোনো ম্যাচ জিততে পারেনি মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রথমবারের মতো বিশ্বকাপে জয় তুলে নিল দলটি।
বিজ্ঞাপন
অন্যদিকে, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড এবার প্রথম পরাজয়ের মুখ দেখল। এর আগে তারা আসর শুরু করেছিল ইরানের বিপক্ষে ড্র দিয়ে। এই জয়ের ফলে ‘জি’ গ্রুপে শীর্ষস্থানে উঠে এসেছে মিসর।








