Logo

ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ১২:২২
ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে ইরান জাতীয় ফুটবল দল। ইতিহাস, কৃতজ্ঞতা ও শান্তির বার্তা সম্বলিত ওই চিঠি পরে প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

মার্কিন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরান দলকে। বিদায়ের আগে ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে তারা লিখেছে, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান পর্যন্ত আমাদের জাতির চেতনা আজও অটুট ও জীবন্ত।”

চিঠিতে লস অ্যাঞ্জেলেসের মানুষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “আমরা গর্ব নিয়ে এখানে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়েই বিদায় নিচ্ছি। আতিথেয়তার জন্য ধন্যবাদ।”

বিজ্ঞাপন

এছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। বার্তায় উল্লেখ করা হয়, ১৮০ মিনিট ধরে যারা হৃদয়, কণ্ঠ ও আবেগ দিয়ে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বানও জানানো হয়।

চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ ও ‘মিনাব’ শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় ১৭০ শিশুর প্রাণহানির ঘটনার প্রতীকী উল্লেখ হিসেবেই এটি দেখা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল ইরান। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিলেও দলটি যুক্তরাষ্ট্রে স্থায়ী ক্যাম্প না করে মেক্সিকোর তিজুয়ানাকে বেসক্যাম্প হিসেবে বেছে নেয়। তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও প্রতিবার ম্যাচের আগে ভেন্যু শহরে গিয়ে খেলা শেষে দ্রুত দেশটি ছাড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইরান। ম্যাচজুড়ে বেলজিয়ামের একের পর এক আক্রমণ রুখে দেন অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। তার দুর্দান্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে ইরান।

টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে পরে মিসর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোয় গ্রুপের শীর্ষস্থান হারায় ইরান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD