Logo

পাঁচ বলে পাঁচ ছক্কা, শানাকাকে বিধ্বস্ত করলেন ক্যারিবিয়ান ব্যাটার

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৪:৩৭
পাঁচ বলে পাঁচ ছক্কা, শানাকাকে বিধ্বস্ত করলেন ক্যারিবিয়ান ব্যাটার
ছবি: সংগৃহীত

ছক্কা মারার দক্ষতায় ক্যারিবিয়ান ব্যাটারদের আলাদা পরিচিতি রয়েছে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড থেকে শুরু করে আন্দ্রে রাসেল—সবাই দীর্ঘদিন ধরে স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আলোচনায় ছিলেন। সেই ধারায় এবার যুক্ত হয়েছেন রোভম্যান পাওয়েল, যিনি দাসুন শানাকার এক ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মেজর লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলছেন রোভম্যান পাওয়েল। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন এই দলে একাধিক ক্যারিবিয়ান ক্রিকেটার রয়েছেন। ডালাসে সিয়াটল অর্কাসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দারুণ ঝড় তোলেন তারা। যার সবচেয়ে বড় আকর্ষণ ছিল পাওয়েলের এক ওভারে পাঁচ ছক্কা।

ম্যাচের ১৭তম ওভারে বল হাতে আসেন দাসুন শানাকা। আগের তিন ওভারে ২৯ রান দেওয়া শানাকা স্লগ ওভারে নিজের শেষ ওভার করতে এসে শুরুতেই বিপাকে পড়েন। ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন পাওয়েল। দ্বিতীয় বলে লং অন, তৃতীয় বলে মিড উইকেট, চতুর্থ বলে লং অফ এবং পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে বল পাঠান তিনি।

বিজ্ঞাপন

চতুর্থ ছক্কাটি ছিল সবচেয়ে দৃষ্টিনন্দন, প্রায় ১০৫ মিটার দূরত্বে গিয়ে স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে বাইরে গিয়ে পড়ে বলটি। তবে টানা পাঁচ ছক্কার পর শেষ বলে আর রক্ষা হয়নি পাওয়েলের। অফ স্টাম্পের বাইরে যাওয়া বল মিড উইকেটে খেলতে গিয়ে ভুল করেন তিনি, আর স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সহজেই ক্যাচটি লুফে নেন।

৩৭ রানে থেমে যায় পাওয়েলের ঝড়ো ইনিংস। তার ব্যাটিং ঝড়ের পর লস অ্যাঞ্জেলস নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাস ১৫ দশমিক ৩ ওভারে মাত্র ১১৫ রানে অলআউট হয়। ফলে বড় ব্যবধানে জয় পায় লস অ্যাঞ্জেলস।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD