Logo

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ২৩:৫৫
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে লিওনেল মেসির দখলে। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। দু’জনেরই বিশ্বকাপে গোলসংখ্যা ছিল ১৬।

বিজ্ঞাপন

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন মেসি। পেনাল্টি থেকে গোল করতে পারলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যেতেন। তবে তার নেওয়া শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু অস্ট্রিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাননি।

অবশেষে অপেক্ষার অবসান ঘটে ৩৯তম মিনিটে। আলমাদার কাছ থেকে বল পেয়ে মেদিনা তা বাড়িয়ে দেন মেসির দিকে। সুযোগ পেয়ে বাঁ-পায়ের শক্তিশালী শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। শটটি এতটাই নিখুঁত ছিল যে অস্ট্রিয়ার গোলরক্ষক নড়ারও সুযোগ পাননি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন মেসি। ফলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান তিনি।

বিজ্ঞাপন

মেসির গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD