পেনাল্টি মিস মেসির

ফিফা বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই তার সামনে এসেছিল ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো তার।
বিজ্ঞাপন
ম্যাচের তৃতীয় মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। বক্সে প্রবেশের সময় শ্লাগার ও পশের চ্যালেঞ্জে ডি-বক্সের ভেতর পড়ে যান লাউতারো মার্টিনেজ। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআরের সহায়তায় ঘটনাটি পুনরায় পর্যালোচনা করেন।
স্ক্রিনে রিপ্লে দেখার পর সিদ্ধান্ত বদলান রেফারি এবং আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দেন। এরপর অষ্টম মিনিটে স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি।
গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে যেতেন তিনি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার নেওয়া শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। গোলরক্ষক সঠিক দিক অনুমান করলেও বল স্পর্শ করার প্রয়োজন পড়েনি। ফলে গুরুত্বপূর্ণ এই সুযোগ হাতছাড়া করেন মেসি।








