Logo

রোনালদোর বিশ্বরেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুন, ২০২৬, ২৩:১৯
রোনালদোর বিশ্বরেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। দুই দশক পরও তিনি একই আসরে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন দাপটের সঙ্গে। চলমান বিশ্বকাপে গোল করে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

ম্যাচে জালের দেখা পাওয়ার মাধ্যমে রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। ২০০৬ থেকে শুরু করে ২০২৬—প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন তিনি, যা ফুটবল ইতিহাসে আগে কেউ করতে পারেননি।

শুধু টানা নয়, ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার নজিরও আর কোনো খেলোয়াড়ের নেই। এ ক্ষেত্রে তার সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি, যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন। ফলে এবারের আসরে মাঠে নামার আগে থেকেই নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন রোনালদো।

জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর প্রথম গোলটি করেছিলেন ইরানের বিপক্ষে। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের স্মরণীয় আসরগুলোর মধ্যে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বিশেষভাবে উল্লেখযোগ্য রোনালদোর জন্য। সেই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। বিশ্বকাপে এটিই তার একমাত্র হ্যাটট্রিক। ওই টুর্নামেন্টে মোট চারটি গোল করেছিলেন পর্তুগিজ অধিনায়ক।

অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার ঝুলিতে যোগ হয়েছিল একটি গোল। ফলে আগের পাঁচটি বিশ্বকাপে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়ায় আট।

এবারের বিশ্বকাপে সেই সংখ্যাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে খেলছেন তিনি। আর নবম গোলের খোঁজে নেমেই গড়ে ফেললেন ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD