Logo

হাইড্রেশন ব্রেকের পরেই ব্রাজিলের জালে জাপানের গোল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুন, ২০২৬, ২৩:৪৪
হাইড্রেশন ব্রেকের পরেই ব্রাজিলের জালে জাপানের গোল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছে জাপান। হাইড্রেশন ব্রেক শেষ হওয়ার পরপরই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় এশিয়ার দলটি। ম্যাচের ২৯তম মিনিটে মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পেয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে যান সানো। পথে কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল পাঠান জালে। নিচের বাঁ কোণ ঘেঁষে নিখুঁত সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি ব্রাজিলের গোলরক্ষক। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

বিজ্ঞাপন

এর আগে অবশ্য পুরো ম্যাচেই আধিপত্য ছিল ব্রাজিলের। হাইড্রেশন ব্রেকের আগে প্রায় ৭৫ শতাংশ সময় বলের দখল ধরে রাখে সেলেসাওরা। চারটি শট নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ গড়ে তোলে ব্রাজিল। বক্সের বাইরে থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষের গায়ে লেগে অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। দুই মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বাড়ানো বল জাপানের গোলরক্ষক সুজুকি এগিয়ে এসে দুই হাতে পাঞ্চ করে বিপদমুক্ত করেন।

শুরুর দিকে নিজেদের অর্ধ থেকেই বের হতে হিমশিম খাচ্ছিল জাপান। অন্যদিকে ব্রাজিল ছোট ছোট পাসে আক্রমণ সাজালেও জাপানের রক্ষণভাগ ছিল বেশ গোছানো।

বিজ্ঞাপন

১০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দানিলোর বাড়ানো বল বক্সে পৌঁছালে এক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের জোরালো শট গিয়ে লাগে তারই এক সতীর্থের মুখে। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে মাতেউস কুনহার নেওয়া শট সুজুকি কর্নারের বিনিময়ে রুখে দেন। দ্রুত কর্নার থেকে আক্রমণ চালালেও লুকাস পাকেতার শট ডান দিকের পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

১৬তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিকের সুযোগ পায় জাপান। জুনিয়াকে ফাউল করেন কাসেমিরো। ডি-বক্সের বাঁ দিক থেকে কামাদার নেওয়া শট রক্ষণভাগে লেগে কর্নার হয়। তবে সেই কর্নার থেকে কোনো বিপদ হতে দেয়নি ব্রাজিলের ডিফেন্ডাররা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD